গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, চালক উদ্ধার
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৮:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় মাছের পোনা বোঝাই একটি পিকআপ বিকল ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর আটকে পড়া গুরুতর আহত চালককে উদ্ধার করেছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, ২২ আগস্ট দিবাগত রাত ৩টা ১২ মিনিটের দিকে গজারিয়া ফায়ার স্টেশনে জামালদি বাসস্ট্যান্ড এলাকার এই দুর্ঘটনার খবর আসে। মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় দ্রুতগতির পিকআপটি। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি চৌকস উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা অত্যাধুনিক স্পেডারসহ প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে পিকআপের ভেতর আটকে থাকা গুরুতর আহত চালককে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চিকিৎসার জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
হাইওয়ে থানা পুলিশের কাছে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তির নাম তোতা মিয়া (৩২), তিনি নওগাঁর রাণীনগর উপজেলার পারুল ভূসিয়া গ্রামের আমজাদের ছেলে। অন্যদিকে, চিকিৎসাধীন আহত চালকের নাম রুমান (২৮), যিনি বগুড়ার আদমদিঘী এলাকার বাসিন্দা। দুর্ঘটনাকবলিত গাড়িটি ঢাকা থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
১১০ বার পড়া হয়েছে