বাউফলে জিপিএ-৫ পাওয়া ১৩০ শিক্ষার্থীকে সম্মাননা দিল ছাত্রদল
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ১৩০ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করেছে উপজেলা ছাত্রদল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষা উপকরণ, উপহারসামগ্রী এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল উপজেলা ছাত্রদলের উদ্যোগে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অনাড়ম্বর আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু।
উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশরাফুল ইসলাম বিপ্লব, বর্তমান জেলা কমিটির আহ্বায়ক মেহেদি হাসান শামীম চৌধুরী এবং বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব নিয়াজ উদ্দিন খান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি দেশের সার্বিক সমৃদ্ধি ও ভবিষ্যৎ উন্নয়ন নির্ভর করে তার তরুণ প্রজন্মের মেধার ওপর। তারা শুধুমাত্র ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
আয়োজনটি নিয়ে কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বাছিরা বিনতে বাশার তার উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এই ধরণের অনন্য উদ্যোগ তাদের পড়াশোনার প্রতি মনোযোগ এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে দারুণভাবে অনুপ্রাণিত করবে।
১৩৫ বার পড়া হয়েছে