ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স উল্টে শিশুসহ আহত ৫
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ২:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্স রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে গেছে। এ দুর্ঘটনায় ১০ মাস বয়সী এক শিশু রোগীসহ একই পরিবারের অন্তত ৫ জন আহত হয়েছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলাধীন ঢাকা-মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ের হাসাড়া নামক এলাকায় মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা শিশু হাসপাতাল থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হওয়া বেপরোয়া গতির অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা রেলিংয়ে সজোরে ধাক্কা খায় এবং উল্টে যায়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত সোয়া ১১টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অত্যন্ত পেশাদারিত্বের সাথে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ভয়াবহ এই দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন খুলনার বাসিন্দা ২৮ বছর বয়সী জ্যোতি ও ৪৫ বছর বয়সী লাকি আক্তার। এছাড়া বাগেরহাটের বাসিন্দা অ্যাম্বুলেন্স চালক হিরা (৪০) ও মশিউর রহমান (৪৫) আহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছে খুলনার মাত্র ১০ মাস বয়সী শিশু মানহা, যাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হচ্ছিল।
১১৯ বার পড়া হয়েছে