বরিশালে মাদকবিরোধী অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ২১
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশাল মহানগরীতে পুলিশি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা এবং সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মেট্রোপলিটন পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের সরাসরি তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা পুলিশের পরিদর্শক হেলালুজ্জামান ও পরিদর্শক সুজিত গোমস্তার নেতৃত্বে এ অভিযানে অংশ নেন এসআই শাহীন, জাহিদ, আলম ও মাহমুদসহ ডিবি পুলিশের একাধিক দল।
অভিযান চলাকালে কোতোয়ালি থানার জিয়নগর মোহাম্মদ আলী সড়ক থেকে ৩ কেজি গাঁজাসহ মো. শামীম হাওলাদার ও মো. রাসেল হাওলাদার নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে কাউনিয়া থানার পলাশপুর বউবাজার এলাকা থেকে ৯৬০ পিস ইয়াবাসহ মোসা. সুমি আক্তারকে এবং দিঘীরপাড় এলাকা থেকে মো. সাইফুল ইসলাম শান্তকে ২১ পিস ইয়াবা, ২৩০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশ।
এছাড়া মহানগরীর জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে মো. ফয়সাল বেপারী, গগনগলি থেকে লাবনী আক্তার এবং দপদপিয়া সেতু সংলগ্ন এলাকা থেকে মো. জহিরুল ইসলামকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের এই সাতজন ছাড়াও অন্যান্য অভিযানে আরও ১৪ জনসহ সর্বমোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে সাতটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে আগেরও একাধিক অপরাধের মামলা রয়েছে। বরিশালকে মাদকমুক্ত করতে এবং যুবসমাজকে রক্ষা করতে পুলিশের এই ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে।
১১৭ বার পড়া হয়েছে