বগুড়ায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড, ২ লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের লোমহর্ষক ও নৃশংস ঘটনায় আসামি বাবা আব্দুল খালেককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বগুড়ার শিশু দমন ট্রাইব্যুনাল বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক (৫১) বগুড়ার শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি তার নিজ মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন। এই পাশবিক ঘটনা কারও কাছে প্রকাশ করলে ভুক্তভোগীকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল।
ধর্ষণের পর শিশুটির মানসিক ও আচরণগত পরিবর্তন দেখে তার সৎ মা বিষয়টি আঁচ করতে পারেন। তবে শুরুতে তিনি মেয়ের কথা বিশ্বাস না করে উল্টো তার ওপর নির্যাতন চালান। একপর্যায়ে নির্যাতন সইতে না পেরে শিশুটি তার দুই সহপাঠীকে পুরো ঘটনা খুলে বলে।
পরবর্তীতে সহপাঠীদের মাধ্যমে বিষয়টি স্থানীয়দের নজরে আসে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার ১০ দিন পর অর্থাৎ ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির মা বাদী হয়ে শেরপুর থানায় স্বামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার একমাত্র আসামি খালেকের বিরুদ্ধে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। সমস্ত তথ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালতের বিচারক এই ঐতিহাসিক ও দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আলী আসগর রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
১০৬ বার পড়া হয়েছে