সর্বশেষ

জাতীয়

দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার দেশে রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হবে আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য এ নির্বাচনের ভোটার। তাঁদের ভোটের ফলাফলের ওপরই নির্ভর করছে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান নির্বাচন কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বুধবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন-সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতাও পাওয়া যাচ্ছে বলে জানান তিনি।

১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছর রাষ্ট্রপতি পদে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছিল। এরপর থেকে সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে দীর্ঘ বিরতির পর এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।

সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন পরিচালিত হবে ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী। বর্তমানে জাতীয় সংসদের অধিবেশন না থাকলেও নির্বাচনের জন্য আলাদা বৈঠক আহ্বান করা হবে। ওই বৈঠকেই সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতাসহ সব সংসদ সদস্যই এই নির্বাচনের ভোটার। ভোট গ্রহণের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতার ভোট দেওয়ার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টায় ভোট গণনা শুরু হবে। গণনার কার্যক্রমও সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন সিইসি। সংসদ সদস্যরা ভোট দেওয়ার পর চাইলে ভোট গণনার সময়ও উপস্থিত থাকতে পারবেন।

সিইসি বলেন, ভোট গণনার পর প্রতিটি প্রার্থী কত ভোট পেয়েছেন, কত ভোট বাতিল হয়েছে এবং মোট ভোটের হিসাব বিস্তারিতভাবে জানানো হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থীকেই বিজয়ী ঘোষণা করা হবে। এরপর নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ৩৪৯ সংসদ সদস্যের ভোটেই নির্ধারিত হবে দেশের পরবর্তী রাষ্ট্রপতির নাম।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন