সাফল্যের স্বীকৃতি: লামার কৃতি ক্রীড়াবিদদের বর্ণাঢ্য সংবর্ধনা
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৭:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় গৌরবময় সাফল্য অর্জনকারী লামার কৃতি ক্রীড়াবিদদের বর্ণাঢ্য সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে বান্দরবানের লামা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কারাতেসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী তরুণদের এই স্বীকৃতি প্রদান করা হয়। প্রশাসনের এমন উদ্যোগ পাহাড়ি অঞ্চলের উদীয়মান খেলোয়াড়দের আরও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বান্দরবানের লামা উপজেলা প্রশাসন আয়োজিত এই সংবর্ধনা সভায় ৩০তম জাতীয় কারাতে প্রতিযোগিতা, ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ, ২য় অনূর্ধ্ব সাউথ এশিয়ান কারাতে কাপ এবং নতুন কুঁড়ি স্পোর্টসের বিভিন্ন ইভেন্টে দেশের মুখ উজ্জ্বল করা কৃতি খেলোয়াড়দের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন। এতে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃতি ক্রীড়াবিদ জ উ প্রু এবং লামা মহামুনি শিশু সদনের পরিচালক সিংমং। এ ছাড়া স্থানীয় স্বাস্থ্য, কৃষি, তথ্য ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সম্মাননা পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে কারাতেবিদ জ উ প্রু বলেন, পার্বত্য অঞ্চলের খেলোয়াড়দের প্রতিভা বিকাশে স্থানীয় ও জেলা প্রশাসনের এই সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে আগামী দিনে লামা থেকে আরও বিশ্বমানের খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা তাদের বক্তব্যে তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা বলেন, ক্রীড়াচর্চা কেবল শারীরিক বিকাশ ঘটায় না, বরং নিয়মানুবর্তিতা ও নেতৃত্ব প্রদানের গুণাবলি অর্জনেও সাহায্য করে। একই সঙ্গে পাহাড়ি অঞ্চলে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত ও উন্নত প্রশিক্ষণের দাবিও জানানো হয় সভায়।
১২০ বার পড়া হয়েছে