প্রিপেইড মিটার বাতিলসহ ৪ দফা দাবি রংপুরে, ২০ সেপ্টেম্বর নেসকো ঘেরাওয়ের ডাক
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুরে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল এবং ডিমান্ড চার্জ প্রত্যাহারের দাবিতে আধা ঘণ্টার ‘স্তব্ধকরণ’ কর্মসূচি পালন করেছে বিদ্যুৎ গ্রাহক ফোরাম। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচির কারণে পুরো রংপুর নগরী থমকে যায়। দাবি মানা না হলে আগামী ২০ সেপ্টেম্বর নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয় ঘেরাওয়ের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।
বিদ্যুৎ গ্রাহকদের ৪ দফা দাবিতে আয়োজিত এই অভিনব প্রতিবাদ কর্মসূচির কারণে নগরীর লালবাগ থেকে কাছারী বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। শত শত সাধারণ মানুষ রাস্তায় যে যেখানে ছিলেন, সেখানেই দাঁড়িয়ে এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। এতে রংপুর প্রেস ক্লাব ও শাপলা চত্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে, আন্দোলনকারীরা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে এসে রংপুর প্রেস ক্লাবের সামনে এবং নেসকো কার্যালয়ের নিকটবর্তী শাপলা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সমাবেশে অংশ নেওয়া সাধারণ গ্রাহকেরা ক্ষোভ প্রকাশ করে জানান, ডিজিটাল মিটার সরিয়ে জোরপূর্বক প্রিপেইড মিটার বসানোর পর থেকেই তাদের ওপর অতিরিক্ত বিলের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে।
শালবন এলাকার এক ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করেন, আগে যেখানে ডিজিটাল মিটারে মাসে মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা বিল আসতো, সেখানে প্রিপেইড মিটারে ৫০০ টাকা রিচার্জ করতেই ডিমান্ড চার্জের নামে ৩০০ টাকা কেটে নেওয়া হচ্ছে। ফলে বারবার রিচার্জের কারণে গ্রাহকদের পকেট খালি হচ্ছে। আন্দোলনকারীরা অবিলম্বে এই অরাজকতা বন্ধ করে আগের মতো সাধারণ ডিজিটাল মিটার চালুর দাবি জানান।
কর্মসূচি চলাকালে প্রেস ক্লাবের সামনে বিদ্যুৎ গ্রাহক ফোরামের নেতা আনোয়ার হোসেন বাবলু, মমিনুল ইসলাম, রাজু বাঁশফোর এবং শাপলা চত্বরের সমাবেশে দেলোয়ার হোসেন আরেফিন তিতুসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। তারা হুশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে ডিজিটাল মিটারের জন্য নতুন আবেদনকারীদের সংযোগ না দিলে এবং প্রিপেইড মিটার বাতিলের দাবি না মানলে পুরো রংপুর অনির্দিষ্টকালের জন্য অচল করে দেওয়া হবে।
১১৯ বার পড়া হয়েছে