ধামরাইয়ে ড্রেজারে দুর্ধর্ষ ডাকাতি: পাইপগানসহ গ্রেফতার ৬ ডাকাত
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৮:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে বালু তোলার ড্রেজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামাল ছাড়াও মাটির নিচে লুকিয়ে রাখা একটি পাইপগান ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১১ আগস্ট দিবাগত গভীর রাতে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় বংশী নদীর তীরে নোঙর করা একটি ড্রেজারে ইঞ্জিনচালিত ট্রলারযোগে হানা দেয় ১২-১৩ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল। তারা রামদা, পিস্তল ও কাটারসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ড্রেজারের কর্মীদের জিম্মি ও মারধর করে। পরে নগদ টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে নদীপথে পালিয়ে যায়।
এই ঘটনার পর ড্রেজারের মালিক মোস্তফা সাইদুজ্জামান বাদী হয়ে ধামরাই থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর ধামরাই থানার একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে।
পরবর্তীতে ঢাকা, গাজীপুরের কোনাবাড়ী, মুন্সিগঞ্জের শ্রীনগর এবং নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এই চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাটির নিচে লুকিয়ে রাখা ১টি দেশীয় পাইপগান ও বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান ইশান ধামরাই থানা কম্পাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
১০৭ বার পড়া হয়েছে