তানোরে কালীমাতার দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা, আতঙ্কে হিন্দুরা
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর তানোরের শিবরামপুরে কালীমাতার দেবোত্তর সম্পত্তি জবরদখল ও স্থানীয় হিন্দু পরিবারগুলোকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জের কয়েকজনের বিরুদ্ধে এই জবরদখলের চেষ্টার অভিযোগ ওঠার পর থেকে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীরা। এই পরিস্থিতিতে দেবোত্তর সম্পত্তি রক্ষায় রাজশাহী জেলা প্রশাসকের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা।
শিবরামপুর মৌজায় অবস্থিত কালীমাতার নামের প্রায় ৫ একর ৪ শতাংশ দেবোত্তর সম্পত্তি দীর্ঘদিন ধরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন রক্ষণাবেক্ষণ ও ভোগদখল করে আসছিলেন। সেখানে নিয়মিত ধর্মীয় আচার ও পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। কিন্তু সম্প্রতি একটি পক্ষ সম্পত্তিটির সেবায়েতদের ওয়ারিশদের কাছ থেকে ক্রয়ের ভুয়া দাবি তুলে জবরদখলের পাঁয়তারা শুরু করে।
অভিযোগকারী সনাতন ধর্মাবলম্বীদের তথ্যমতে, এই সম্পত্তিটি তানোর উপজেলার শিবরামপুর মৌজার সিএস খতিয়ান ১৩৭ ও ১৩৮ এবং আরএস খতিয়ান ১২৩-ভুক্ত। বিভিন্ন রেকর্ডপত্রে এটি স্পষ্টভাবে দেবোত্তর সম্পত্তি হিসেবে নথিভুক্ত রয়েছে এবং সাধারণ হিন্দুদের পক্ষে সেবায়েতদের নামও সেখানে উল্লেখ রয়েছে। বর্তমানে এই জমির একটি অংশে বেশ কয়েকটি হিন্দু পরিবার দীর্ঘকাল ধরে বসবাস করছেন।
গত ১২ আগস্ট ২০২৬ তারিখ সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নতুনহাট নামোশংকরবাটি এলাকার খাইরুল ইসলাম, নুরুল ইসলাম ও কায়েম আলীর নেতৃত্বে একদল লোক এসে জোরপূর্বক সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর উচ্ছেদের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিরোধ করলে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তানোর থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মনে তীব্র উচ্ছেদ-আতঙ্ক কাজ করছে। প্রশ্ন উঠেছে, দেবোত্তর সম্পত্তি আইনত হস্তান্তরের অযোগ্য হওয়া সত্ত্বেও কীভাবে তা ব্যক্তি মালিকানায় বিক্রির চেষ্টা করা হলো।
আইনি প্রতিকার চেয়ে ১৬ আগস্ট রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মন্দির কমিটির সভাপতি আকাশ মাহাতো ও সাধারণ সম্পাদক হেমন্ত কুমার মাহাতোসহ স্থানীয় হিন্দু প্রতিনিধিরা। তারা এই জবরদখল প্রচেষ্টার দ্রুত তদন্ত ও স্থায়ী আইনি সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
১২২ বার পড়া হয়েছে