বরগুনার তালতলীতে বিদেশী পিস্তল ও গুলিসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৭:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বরগুনার তালতলী উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও ম্যাগাজিনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ উত্তেজনার সুযোগে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকালে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও ধর্ষণের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯শে আগস্ট বুধবার তালতলী উপজেলায় বিএনপির দুটি পক্ষের বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে বিশৃঙ্খলা ও সন্ত্রাসী হামলা এড়াতে গোপন সংবাদের ভিত্তিতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা এক সংবাদ সম্মেলনে জানান, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার গাবতলী গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশী চায়না পিস্তল, চার রাউন্ড তাজা গুলি এবং একটি ম্যাগাজিনসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—লিমন, অনিক মজুমদার, জামাল, জিহাদ ও হৃদয়। প্রাথমিক তদন্ত ও সূত্র মারফত পুলিশ জানতে পেরেছে যে, আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি এবং ধর্ষণের মামলা রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অস্ত্র মামলা দায়ের করেছে এবং আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। বর্তমানে তালতলীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
১৫৯ বার পড়া হয়েছে