নাটোরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে সংগঠনটির নেতাকর্মীরা এই বিশেষ দিনটি উদযাপন করেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কানাইখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন এবং জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে এবং সদস্য সচিব জহির উদ্দিন জহিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি মানুষের পাশে দাঁড়িয়ে অধিকার আদায়ের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, স্বেচ্ছাসেবক দল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি বিশ্বস্ত শক্তি। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও রাজপথে থেকে জনগণের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন দলের নেতাকর্মীরা।
১০৭ বার পড়া হয়েছে