সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে রায়গঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। ইতোমধ্যে এ ঘটনায় ৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রায়গঞ্জ পৌর সদরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার জন্য জামায়াতে ইসলামী ও এনসিপি-কে দায়ী করেন।
মিছিল শেষে রায়গঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেলিন, সাবেক যুগ্ম সম্পাদক মো. দুলাল হোসেন খান, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার এবং সাবেক পৌর বিএনপি সভাপতি হাতেম আলী সুজন। বক্তারা হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
হামলার সূত্রপাত ঘটে চান্দাইকোনা এলাকায় টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) ভবন স্থাপন নিয়ে দ্বন্দ্ব থেকে। স্থানীয় একাংশ ধানগড়া এবং অন্য অংশ চান্দাইকোনায় টিটিসি ভবন নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছিল। গত শনিবার বিকেলে ধানগড়া এলাকার আন্দোলনকারীদের সঙ্গে এমপি আয়নুল হক বৈঠকে বসলে উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
বৈঠকের একপর্যায়ে এমপি তার গাড়িবহর নিয়ে ঘটনাস্থল ত্যাগ করার সময় পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে তার ব্যবহৃত গাড়ির পেছনের কাচ ও একটি ক্যামেরা ভেঙে যায়। পরবর্তীতে এমপি আয়নুল হক এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, জামায়াত, এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এই হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় ৫৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
১০৮ বার পড়া হয়েছে