জামালপুরে মাদকবিরোধী অভিযান, ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের ইসলামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এই অভিযানে মাদকসহ তিনজনকে আটক করার পর এই সাজা দেওয়া হয়। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার জেলার ইসলামপুর উপজেলার ব্যাপারীপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এতে যৌথভাবে নেতৃত্ব দেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোহাম্মদ জুবায়ের এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ।
সজাপ্রাপ্তরা হলেন মেলান্দহ উপজেলার দুরমুঠ এলাকার আদর আলী (৩২), ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদ এলাকার মো. রিপন শাহ (১৯) এবং একই উপজেলার মোহাম্মদ এনামুল হক (৩৭)। আটক করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এদের মধ্যে দুইজনকে ছয় মাস এবং অপর একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের মতে, নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের প্রকোপ অনেকাংশে কমে আসবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের নাগরিক সচেতনতার ওপর জোর দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
১০৯ বার পড়া হয়েছে