হামে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮৯৪
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে মারা গেছে চারজন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯৪ জনে।
শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত হাম-সংক্রান্ত পরিস্থিতির এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে সন্দেহজনক হামে চারজনের মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হাম রোগে মারা গেছে ৭৯৫ জন। সব মিলিয়ে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা ৮৯৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৭ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৯৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২২ হাজার ৭৯৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন।
১০৮ বার পড়া হয়েছে