বোয়ালমারীর ইব্রাহীম হত্যা মামলার আসামি ঝিনাইদহে গ্রেপ্তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারীতে ইব্রাহীম (৩৫) হত্যা মামলার আসামি মো. মাসুদুর রহমান মাসুদকে (৪০) ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার বিকেল ৪টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মাসুদুর রহমান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার গালিমপুর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।
এসআরবি জানায়, ২০২৫ সালের ২০ নভেম্বর রাতে ব্যবসায়িক কাজে যাওয়ার পথে ইব্রাহীম ও তাঁর চাচাতো ভাই পিকআপচালক মো. হোসেন গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় একটি হোটেলে খাবার খাচ্ছিলেন। খাবার শেষে হোটেল থেকে বের হওয়ার সময় দুটি প্রাইভেটকারে করে আসা ৭ থেকে ৮ জন ব্যক্তি নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে তাঁদের জোর করে গাড়িতে তুলে নেন।
পরে ওই ব্যক্তিরা ইব্রাহীম ও হোসেনের হাত, মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে মারধর করেন। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন নিয়ে নেওয়া হয়। একপর্যায়ে হোসেনকে অজ্ঞাত একটি স্থানে ফেলে রেখে ইব্রাহীমকে অন্যত্র নিয়ে যাওয়া হয়।
এসআরবির ভাষ্য, পরে ইব্রাহীমকে হত্যা করে তাঁর লাশ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বনচাকী-রামচন্দ্রপুর ব্রিজ এলাকায় ফেলে রাখা হয়।
এ ঘটনায় নিহত ইব্রাহীমের ভাই মো. ফরহাদ বাদী হয়ে বোয়ালমারী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পর এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল এসআরবি-৬-এর সহযোগিতায় অভিযান চালিয়ে মাসুদুর রহমানকে গ্রেপ্তার করে।
এসআরবির বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
১২৬ বার পড়া হয়েছে