চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চুয়াডাঙ্গায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। মঙ্গলবার বিকেল ৪টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন নবাগত পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ।
মতবিনিময় সভায় সাংবাদিকেরা জেলার বিভিন্ন স্থানীয় সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় জেলাজুড়ে মাদকের বিস্তার রোধ, শহর ও ব্যস্ততম সড়কগুলোতে তীব্র যানজট নিরসন এবং স্পর্শকাতর এলাকায় নিয়মিত পুলিশি টহল জোরদারের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সাংবাদিকেরা বলেন, এসব সমস্যার দ্রুত সমাধান করা গেলে সাধারণ মানুষের চলাচল ও জীবনযাত্রা সহজ হওয়ার পাশাপাশি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রাখা সম্ভব হবে।
সাংবাদিকদের বক্তব্য ও বিভিন্ন উদ্বেগের বিষয় শোনার পর পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার চুয়াডাঙ্গায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
চুয়াডাঙ্গা জেলাকে নিরাপদ, মাদকমুক্ত ও যানজটমুক্ত রাখতে পুলিশের নজরদারি বাড়ানো এবং নিয়মিত অভিযান পরিচালনার আশ্বাস দেন তিনি। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপন ও সার্বিক সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, সিনিয়র সাংবাদিক মানিক আকবর, মাছরাঙ্গা টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ফাইজার চৌধুরী, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার কামরুজ্জামান সেলিম, বাংলাদেশ বেতারের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হুসাইন মালিক, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিসান আহমেদ, বিজয় টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি পলাশ উদ্দিন, নাগরিক টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শামসুজ্জোহা পলাশ, দৈনিক আজকের চুয়াডাঙ্গার স্টাফ রিপোর্টার মুন্না রহমান, দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার আবদুল্লাহ হক প্রমুখ।
১১৬ বার পড়া হয়েছে