ফরিদপুরে সংঘর্ষের মামলায় ইউপি চেয়ারম্যান আলতাফ কারাগারে
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আলতাফ হুসাইনকে একটি সহিংসতা ও ভাঙচুরের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আলতাফ হুসাইন। তবে মামলার শুনানির পর বিজ্ঞ জেলা ও দায়রা জজ জিয়া হায়দার তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত থেকে তাৎক্ষণিকভাবে পুলিশ পাহারায় তাঁকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার মধ্য কাশিমাবাদ জামে মসজিদের ইমামের বেতন-ভাতা বৃদ্ধি এবং পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময় নির্ধারণ নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের জেরে ঈদের দিন দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ১৭টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ২৬ জুন দ্বিতীয় দফায় আবারও দুই পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় মধ্য কাশিমাবাদ গ্রামের বাসিন্দা আরিফ হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মো. আলতাফ হুসাইনকে ১ নম্বর আসামিসহ মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউপি চেয়ারম্যান আলতাফ হুসাইন ইতিপূর্বে উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন প্রার্থনা করেছিলেন। আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
১২৩ বার পড়া হয়েছে