রাজশাহীতে মুদি দোকানি বারী হত্যা: এজাহারভুক্ত আরও দুই আসামি গ্রেপ্তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর বাকির মোড় এলাকায় চাঞ্চল্যকর মুদি দোকানি আব্দুল বারী হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আইনের আওতায় আনা হলো।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—মামলার ১১ নম্বর আসামি হানিফ (৪৫) এবং ৭ নম্বর আসামি ইসরাইল (৩০)। সোমবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবা মিশন গেট রেলক্রসিং এলাকা থেকে প্রথমে হানিফকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর একটি দল। পরবর্তীতে রাত ৩টার দিকে ভাটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ইসরাইলকে।
এর আগে, গত রবিবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি আমির হোসেন চন্দ্রকে গ্রেপ্তার করেছিল পুলিশ। চাঞ্চল্যকর এই মুদি দোকানি হত্যা মামলায় এ পর্যন্ত মোট ৩ জন অভিযুক্তকে আইনের আওতায় আনা হলো। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
হত্যাকাণ্ডের ঘটনার বিবরণে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাকির মোড় এলাকায় আব্দুল বারীর মুদি দোকানে পাশের চণ্ডীপুর এলাকার কয়েকজন যুবক টাকা খুচরা করতে যান। বারী টাকা খুচরা নেই জানালে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এই ঘটনার প্রতিশোধ নিতে ওই দিন গভীর রাতে একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বারীর বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে দোকানের সাটারের তালা ভেঙে পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে বারী ও তার পরিবারের সদস্যরা ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী দিলরুবা পারভীন বাদী হয়ে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশ ও র্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
১২৯ বার পড়া হয়েছে