হাসিনা দেশের অর্থনীতি শূন্য করে দিয়ে গেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১০:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
বিগত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি লুটপাট করে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার শূন্য অর্থনীতি নিয়েই সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডের মতো জনবান্ধব কর্মসূচি চালু করেছে। টাঙ্গাইলের বাসাইলে এক অনুষ্ঠানে প্রধান অভিনথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত্তাবিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। সেখানেই তিনি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশের কোষাগার এখন শূন্য। এই শূন্য অর্থনীতি নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। চরম প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই অনুযায়ী কাজ চলছে।
আহমেদ আযম খান ঘোষণা করেন, দেশের প্রতিটি পরিবারের গৃহিণীদের জন্য আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া শুরু হবে। ইতিমধ্যে তথ্য সংগ্রহের জন্য প্রয়োজনীয় টিম গঠন করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই কার্ডের মাধ্যমে মায়েরা সরাসরি সরকারি সুবিধা পাবেন।
এছাড়া কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং চিকিৎসার সুবিধার্থে ‘স্বাস্থ্য কার্ড’ চালু করা হয়েছে বলে জানান মন্ত্রী। তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সকল কমিউনিটি ক্লিনিক সচল করার পাশাপাশি নতুন ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
১১৫ বার পড়া হয়েছে