কলাপাড়ায় বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে উপচে পড়া ভিড়
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ রোগী ভর্তি থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা, যার মধ্যে একটি বড় অংশই হামে আক্রান্ত শিশু।
কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ধারণক্ষমতার বাইরে রোগী ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন সেখানে গড়ে ৮০ থেকে ১২০ জন রোগী চিকিৎসাধীন থাকছেন। এদের মধ্যে হাম, ডেঙ্গু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাই সবচেয়ে বেশি। বিশেষ করে গত কয়েকদিন ধরে হামের সংক্রমণ তীব্র আকার ধারণ করেছে।
সরেজমিনে দেখা গেছে, বিগত জুলাই মাসে এই হাসপাতালে ১৩৩ জন হামে আক্রান্ত রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও বেশ কয়েকজন শিশু। গত কয়েক দিনে নতুন করে বহু রোগী ভর্তি হয়েছেন, যাদের ৯০ শতাংশেরই বয়স এক থেকে আট বছরের মধ্যে।
সংক্রামক রোগ হওয়া সত্ত্বেও হাসপাতালে আলাদা কোনো আইসোলেশন ওয়ার্ড না থাকায় বাধ্য হয়ে প্রসূতি ওয়ার্ডের বিভিন্ন কক্ষে হামের রোগীদের রাখা হচ্ছে। এতে অন্যান্য সাধারণ রোগীদের মধ্যেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। কলাপাড়া ছাড়াও পার্শ্ববর্তী তালতলী, আমতলী ও রাঙ্গাবালী উপজেলার রোগীরাও এই হাসপাতালে সেবা নিতে আসছেন।
হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. বিকাশ রায় জানান, শিশুরা হামে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে সঠিক পরিচর্যা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া জরুরি। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে আক্রান্ত শিশুরা দ্রুত সুস্থ হয়ে ওঠে।
১২১ বার পড়া হয়েছে