এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শেখ সাদীর অভিনন্দন
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপি নেতা, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি এবং এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী। একই সঙ্গে প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে মো. শেখ সাদী বলেন, এই অর্জনের পেছনে শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায়, স্বপ্ন এবং পরিবারের সদস্যদের নানা ত্যাগ জড়িয়ে রয়েছে। একটি ভালো ফলাফল সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হলেও জীবনের সাফল্য কখনোই একটি পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়।
তিনি বলেন, শিক্ষাজীবনের প্রতিটি ধাপই ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই এসএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের সাফল্যে বিনয়ী থেকে আরও মনোযোগী হয়ে সামনে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সততা ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।
প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে শেখ সাদী বলেন, একটি পরীক্ষার ফলাফল কারও সামর্থ্য কিংবা ভবিষ্যৎ নির্ধারণ করে না। ফলাফল প্রত্যাশামতো না হলে হতাশ না হয়ে কোথায় ঘাটতি ছিল, তা চিহ্নিত করে নতুনভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। পরবর্তী সুযোগকে কাজে লাগিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, জীবনে সাফল্য ও ব্যর্থতা পাশাপাশি চলতে পারে। সাফল্যে যেমন বিনয়ী থাকা প্রয়োজন, তেমনি ব্যর্থতায় সাহস হারানো যাবে না। জ্ঞান, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে তরুণ প্রজন্মকে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
শেখ সাদী বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের মেধা, স্বপ্ন, সৃজনশীলতা ও সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।
সব শিক্ষার্থীর সুন্দর, সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থী যেন নিজের সামর্থ্য অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যায়।
১২৬ বার পড়া হয়েছে