গুগল ও ২৩টি চাকরির অফার ফিরিয়ে বিশ্বমঞ্চে চমক দিলেন তরুণ গবেষক নাহিদ আলম
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গুগল ক্লাউডের চাকরি এবং দেশের ডজন খানেক লোভনীয় প্রস্তাব ফিরিয়ে বিশ্বজুড়ে সাড়া ফেলেছেন তরুণ প্রযুক্তি গবেষক নাহিদ আলম। নিজের মেধা ও অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে অত্যন্ত অল্প সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি গবেষণায় অনন্য এক উচ্চতায় পৌঁছে গেছেন রাজশাহীর এই কৃতি সন্তান। তাঁর উদ্ভাবিত দেশের প্রথম এআই-ভিত্তিক ডিজিটাল আইনি প্ল্যাটফর্ম 'লেক্সগ্লোবাল বিডি' এখন চালুর অপেক্ষায়।
রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. নাহিদ আলম মাত্র এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক প্রযুক্তি অঙ্গনে নিজের অবস্থান সুসংহত করেছেন। তাঁর এই অভাবনীয় সাফল্যের কারণে প্রযুক্তিপ্রেমী অনেকেই তাঁকে ‘টেক মাস্টারমাইন্ড ২০২৬’ হিসেবে অভিহিত করছেন।
গবেষণায় পূর্ণ মনোযোগ দেওয়ার লক্ষ্যে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গুগল ক্লাউডের চুক্তিভিত্তিক চাকরি থেকে ইস্তফা দেন নাহিদ। এরপর একের পর এক উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। বিশ্বখ্যাত চীনা প্রতিষ্ঠান বাইডু সংশ্লিষ্ট একটি প্রযুক্তির পেটেন্ট আগেই নিবন্ধিত থাকায় তাঁর গিনেস বিশ্ব রেকর্ডের প্রচেষ্টা সাময়িক থমকে গেলেও, এই কাজই তাঁকে বৈশ্বিক প্রযুক্তি বাজারে পরিচিতি এনে দেয়।
দেশের প্রায় ২৫টি বড় প্রতিষ্ঠানের লোভনীয় চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়ে নাহিদ তাঁর আইনি প্রযুক্তি প্রকল্পকে অগ্রাধিকার দিয়েছেন। সম্প্রতি তিনি সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান জি-৪২-এর সহযোগী সংস্থা 'কোর-৪২'-এ দূরবর্তী গবেষণা সহযোগী হিসেবে যুক্ত হয়েছেন, যেখানে তাঁর মাসিক সম্মানি নির্ধারণ করা হয়েছে প্রায় ৫ হাজার ৭০০ দিরহাম।
তাঁর অন্যতম বড় স্বপ্ন হচ্ছে দালালমুক্ত ও সহজলভ্য আইনি সেবা নিশ্চিত করা। সেই লক্ষ্যেই তিনি গড়ে তুলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম 'লেক্সগ্লোবাল বিডি'। আগামী ১০ আগস্ট এই সেবার বেটা সংস্করণ এবং ১৫ আগস্ট থেকে এটি আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।
দেশি-বিদেশি বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাব থাকলেও বাংলাদেশের আইন ও সংবিধানের ওপর ভিত্তি করে তৈরি এই প্রযুক্তি কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর না করার ঘোষণা দিয়েছেন তিনি। তবে তাঁর পরবর্তী উচ্চাকাঙ্ক্ষী উদ্যোগ ‘প্রকল্প মায়াবী’ আন্তর্জাতিক অংশীদারদের সাথে যৌথভাবে পরিচালিত হবে বলে জানা গেছে।
১২৪ বার পড়া হয়েছে