গোপালগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের আরও ৬ নেতার পদত্যাগ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ ও যুবলীগের আরও ৬ জন নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। শনিবার মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই ঘোষণা দেন। বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে আদর্শগত অমিল থাকার কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
পদত্যাগকারী নেতারা হলেন—মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলকার মোল্লা, বহুগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুকদেব রায়, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মহিতোষ বাড়ৈ, কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রমেন্দ্রনাথ টিকাদার, সদস্য মৃনাল কান্তি সরকার এবং একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল টিকাদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর আওয়ামী লীগ নেতা জুলকার মোল্লা জানান, আওয়ামী লীগের বিগত দিনের বেশ কিছু নীতি ও কর্মকাণ্ডের সাথে তাঁর ব্যক্তিগত আদর্শ ও বিশ্বাসের চরম অসামঞ্জস্য তৈরি হয়েছে। এ কারণে তিনি স্বেচ্ছায় দলের সমস্ত পদ ও রাজনীতি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। এখন থেকে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কার্যক্রমের সাথে তাঁর আর কোনো সম্পর্ক থাকবে না।
একই সাথে পদত্যাগ করা অপর পাঁচ নেতাও সংবাদ সম্মেলনে যৌথ বিবৃতি দেন। তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে দলের প্রতি অনুগত থাকলেও সাম্প্রতিক সময়ে দলের বিতর্কিত ভূমিকার কারণে তারা মানসিকভাবে চরম অস্বস্তিতে ছিলেন। ফলশ্রুতিতে জনকল্যাণ ও নিজেদের নীতি ধরে রাখতে তারা আওয়ামী লীগ ও যুবলীগের পদ ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
১১৭ বার পড়া হয়েছে