বোমা হামলার আশঙ্কা, পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সারা দেশে বোমা হামলাসহ নাশকতার আশঙ্কায় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন ইউনিটে এ নির্দেশনা পাঠানো হয়।
পুলিশ সদর দপ্তরের বার্তায় বলা হয়েছে, প্রতিটি জেলায় রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে বোমা হামলাসহ নাশকতা সৃষ্টির আশঙ্কার কথা জানা গেছে। এ পরিস্থিতিতে পুলিশের মাঠপর্যায়ের সদস্যদের সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে বেতার বার্তার মাধ্যমে দেশের বিভিন্ন ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন ইউনিটপ্রধানের কাছেও বার্তা পাঠানো হয়েছে।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিভিন্ন সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের মাঠপর্যায়ের সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়। এবারও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতা জারি করা হয়েছে।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, উগ্রবাদী সংগঠন বা দুর্বৃত্তরা বোমা হামলাসহ নাশকতা সৃষ্টি করতে পারে। এ কারণে পুলিশের সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে দায়িত্ব পালনের সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং কোনো ধরনের সন্দেহজনক বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
১১৩ বার পড়া হয়েছে