ধর্ষণের অভিযোগে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ‘রিপন ভিডিও’ গ্রেফতার
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৭:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ ও কন্টেন্ট ক্রিয়েটর মো: রিপন মিয়াকে (রিপন ভিডিও) ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে র্যাব-১৪। নেত্রকোনার এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে এক তরুণীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনার বহুল আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর মো: রিপন মিয়াকে (৩৩) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার মহিষারন অচিন্তপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র্যাব-১৪। সে নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রিপন ভিডিও’ নামে ব্যাপক পরিচিতি রয়েছে তার।
ময়মনসিংহ র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গ্রেফতারের খবরটি নিশ্চিত করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভিকটিম তরুণী এবং অভিযুক্ত রিপন মিয়া একই এলাকার বাসিন্দা ও দীর্ঘদিনের প্রতিবেশী।
কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার সুবাদে রিপন মিয়া ভিকটিমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন সময় তাকে আপত্তিকর ও কু-প্রস্তাব দেন বলে অভিযোগ উঠেছে। গত ৩০ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জরুরি কথা বলার বাহানায় তরুণীকে মগড়া নদীর উত্তর পাড়ে ডেকে নেন রিপন।
সেখানে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর ভিকটিমের পিতা বাদী হয়ে গত ৫ আগস্ট নেত্রকোনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আত্মগোপনে থাকা রিপনকে গ্রেফতারে তৎপরতা শুরু করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেছে।
২৬৬ বার পড়া হয়েছে