বগুড়ায় বাসের চাপায় নিহত বেড়ে ৭, আহত অন্তত ১৫
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ভোরে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে থাকা দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন অন্তত ১৫ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, রাতে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা শাহ ফতেহ আলী পরিবহনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস সকালে এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশে অবস্থানরত দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর উঠে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান। এতে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।
নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন বগুড়ার বেলাল হোসেন (৩৭), গাইবান্ধার আমিরুল ইসলাম (৪৫), নূর আলম (৩৫), ফয়জার রহমান (৪৩) এবং আবদুর রহিম (৪৬)। বাকি দুইজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।
দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
বগুড়া সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম শফিক জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে।
১৭৯ বার পড়া হয়েছে