হোয়াইট হাউসের বলরুম নির্মাণে ট্রাম্প প্রশাসনকে আদালতের স্থগিতাদেশ
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৪:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউসের পূর্বপাশে ৪০ কোটি ডলার ব্যয়ে প্রস্তাবিত বিশাল বলরুম নির্মাণের কাজ আটকে দিয়েছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত। আদালত বলেছেন, হোয়াইট হাউসে বড় ধরনের স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নির্বাহী বিভাগের একক এখতিয়ার নয়; এ বিষয়ে কংগ্রেসের সিদ্ধান্ত প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের পূর্বাংশ বা ইস্ট উইং ভেঙে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের একটি বিশাল বলরুম নির্মাণের উদ্যোগ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ডলার। তবে নির্মাণকাজ শুরুর আগে কংগ্রেসের অনুমতি নেওয়া হয়নি।
এই প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন নামের একটি সংস্থা কলাম্বিয়া ডিস্ট্রিক্টের ফেডারেল আপিল আদালতে আবেদন করে। শুক্রবার ইউএস কোর্ট অব অ্যাপিলস ফর দ্য ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিট ওই আবেদনের রায় দেন।
তিন বিচারপতির বেঞ্চের দুজন বিচারপতি রায়ের পক্ষে মত দেন। রায়ে আদালত বলেন, প্রেসিডেন্টরা হোয়াইট হাউসে সাময়িক সময়ের জন্য দায়িত্ব পালন করেন; ভবনটির মালিক তাঁরা নন। হোয়াইট হাউসে বড় আকারের বলরুম নির্মাণ করা হবে কি না, সে সিদ্ধান্ত কংগ্রেসের নেওয়ার বিষয়। এটি শুধু নির্বাহী বিভাগের ইচ্ছাধীন বিষয় হতে পারে না।
আদালতের এই সিদ্ধান্তের ফলে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত বলরুম নির্মাণ প্রকল্প আপাতত বাধার মুখে পড়েছে। তবে এ রায়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করার সুযোগ রয়েছে ট্রাম্প প্রশাসনের।
ট্রাম্পের আইনজীবীদের কাছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য ১৪ দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে আবেদন করা হলে বিষয়টি দেশটির সর্বোচ্চ আদালতে গড়াতে পারে। অন্যথায় আপিল আদালতের রায়ই কার্যকর থাকবে।
আদালতের রায়ে খুশি হয়েছে মামলাটির বাদী ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন। সংস্থাটির প্রেসিডেন্ট ব্রেন্ট লেগস বলেন, হোয়াইট হাউসসহ যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনাগুলোর বিষয়ে মতামত দেওয়ার অধিকার মার্কিন নাগরিকদের রয়েছে। আদালতের এই রায় সেই অধিকারকে স্বীকৃতি দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে ট্রাম্প আপিল আদালতের রায়কে সমালোচনা করেছেন। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি রায়টিকে ‘অন্যায্য’, ‘ভয়ংকর’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।
ট্রাম্পের দাবি, প্রস্তাবিত বলরুম শুধু অনুষ্ঠানের জন্য একটি স্থাপনা নয়; এতে নিরাপত্তাব্যবস্থা, বোমা আশ্রয়কেন্দ্র, চিকিৎসাসুবিধা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা থেকে সুরক্ষার ব্যবস্থা থাকবে। আদালতের সিদ্ধান্তের কারণে হোয়াইট হাউসের কর্মকর্তা ও দর্শনার্থীরা নিরাপত্তাঝুঁকিতে পড়তে পারেন বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প জানিয়েছেন, আপিল আদালতের রায়ের বিরুদ্ধে তাঁর প্রশাসন সুপ্রিম কোর্টে আবেদন করবে। তিনি আশা প্রকাশ করেছেন, সর্বোচ্চ আদালত আপিল আদালতের রায় বাতিল করবেন।
১০৫ বার পড়া হয়েছে