চট্টগ্রামে প্রথম সফরে তারেক রহমান, থাকছে একাধিক কর্মসূচি
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ৩:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামীকাল রোববার (৯ আগস্ট) এক দিনের সফরে কক্সবাজার ও চট্টগ্রাম যাবেন তিনি। মহেশখালীর মাতারবাড়ী থেকে শুরু করে বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর সন্ধ্যায় চট্টগ্রাম নগরে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তারেক রহমানের ৯ আগস্টের সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। তাঁর সফর ঘিরে চট্টগ্রাম ও কক্সবাজারে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
চূড়ান্ত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সকাল ৯টায় মহেশখালীতে পৌঁছাবেন। সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।
এরপর দুপুর ১২টার দিকে হেলিকপ্টারে করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকায় যাবেন প্রধানমন্ত্রী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। এ সময় ত্রাণ বিতরণের পাশাপাশি ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।
বাঁশখালী থেকে দুপুর একটার দিকে ফটিকছড়িতে যাবেন তারেক রহমান। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
এরপর প্রধানমন্ত্রী হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় যাবেন। সেখানে আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন। পরে জেলা পরিষদ ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি শেষে হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।
হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার কথা রয়েছে। এ ছাড়া ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
সন্ধ্যায় চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর রাত ৯টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
চট্টগ্রাম সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে থাকছে বিএনপির সাংগঠনিক সভা। দলীয় সূত্র জানিয়েছে, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের পাশাপাশি ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সভায় অংশ নেবেন।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, এই সভায় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন তারেক রহমান তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং তাঁদের বক্তব্য শুনবেন। পাশাপাশি দলীয় কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার কথা রয়েছে তাঁর।
দলীয়ভাবে এই কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকেও কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করার বিষয়টি গুরুত্ব দিচ্ছেন। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা কীভাবে কমানো যায় এবং রাষ্ট্রকে কীভাবে আরও জনকল্যাণমুখী করা যায়, সে বিষয়ে তিনি কাজ করছেন।
সাংগঠনিক সভা প্রসঙ্গে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, তারেক রহমান সব সময় তৃণমূলের নেতা-কর্মীদের গুরুত্ব দেন। তাঁর মতে, তৃণমূলের নেতা-কর্মীরাই দলের প্রাণ। চট্টগ্রামের তিনটি সাংগঠনিক ইউনিটের বিএনপি এবং ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে তিনি সরাসরি কথা বলবেন। একই সঙ্গে নেতা-কর্মীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।
১১৩ বার পড়া হয়েছে