হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ৮৬০
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৮৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং দুজন সিলেট বিভাগের বাসিন্দা।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৬ জন এবং হামের উপসর্গ নিয়ে ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৩৩৪ জন। এরপর সিলেট বিভাগে ১১৭ জন, রাজশাহী বিভাগে ৯১ জন, ময়মনসিংহ বিভাগে ৭১ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, বরিশাল বিভাগে ৪৫ জন, খুলনা বিভাগে ৩২ জন এবং রংপুর বিভাগে ১৩ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছেন ৭৩৩ জন। এর মধ্যে ৬৪৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ঢাকা বিভাগে, ২২৭ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২১১ জন, সিলেটে ৭৪ জন, বরিশালে ৫৬ জন, ময়মনসিংহে ৩৩ জন, খুলনায় ১৮ জন, রাজশাহীতে ১৬ জন এবং রংপুরে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮৭৯ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১১ হাজার ৫৮৭ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও ৮৫ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১৬ হাজার ৭৪০ জনের নমুনায় হাম শনাক্ত হয়েছে।
১২২ বার পড়া হয়েছে