কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা ও সম্প্রসারণের প্রতিবন্ধকতা নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলবায়ু পরিবর্তন রোধে ও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য এই শক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম, প্রান্তজন, ক্লিন (CLEAN) এবং বিডব্লিউজিইডি (BWGED)-এর যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ আরিফুজ্জামান। আলোচনা সভায় স্থানীয় ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় পরিবেশবিদ ও বক্তারা দেশের আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে সৌরবিদ্যুতের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, গত ২০ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে বিপুল পরিমাণ ক্যাপাসিটি চার্জ পরিশোধ করেছে, তা সঠিকভাবে ব্যবহার করলে দেশে প্রায় ৩২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা যেত। এতে দেশের জ্বালানি খাতের ওপর চাপ এবং আর্থিক লোকসান দুটোই এড়ানো সম্ভব হতো।
অনুষ্ঠানে প্রান্তজনের পক্ষে 'ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা' শীর্ষক একটি নীতিপত্র পাঠ করা হয়। নীতিপত্রে ছাদভিত্তিক সোলার প্যানেল স্থাপনের ক্ষেত্রে সাধারণ মানুষের অসচেতনতা, ঋণের উচ্চ সুদের হার এবং নীতিগত জটিলতাগুলোর কথা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়।
বক্তারা আরও জানান, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ছাদভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। স্থানীয় পর্যায়ে এই প্রযুক্তির প্রচার ও সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা গেলে মানুষ ছাদভিত্তিক সৌরশক্তি ব্যবহারে আরও বেশি আগ্রহী হবে।
১১৬ বার পড়া হয়েছে