সর্বশেষ

সারাদেশ

রায়গঞ্জে মসজিদের ভেতর চেয়ার-সোফা বসিয়ে সভা, সমালোচনার ঝড়

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি জামে মসজিদের ভেতরে চেয়ার ও সোফা বসিয়ে সভা করেছেন স্থানীয় বিএনপি দলীয় সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক ও তাঁর সহযোগীরা। এই ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে মসজিদ কর্তৃপক্ষের অনুরোধেই তাঁরা সেখানে বসেছিলেন বলে দাবি করেছেন উপস্থিত বিএনপি নেতারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা কওমিয়া মাদ্রাসা জামে মসজিদে এই সভার আয়োজন করা হয়। মাদ্রাসার উন্নয়ন ও আর্থিক সংকট নিরসনের লক্ষ্যে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, মসজিদের পবিত্রতা উপেক্ষা করে ভেতরে বিলাসবহুল সোফা ও চেয়ার বসিয়ে অতিথিরা বসে আছেন। এ নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও সাধারণ নেটিজেনদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই এই ঘটনাকে মসজিদের ধর্মীয় মর্যাদার অবমাননা বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি মো. আয়নুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে বিতর্ক এড়াতে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম গণমাধ্যমকে জানান, চান্দাইকোনার কোদলা কওমিয়া মাদ্রাসা ও জামে মসজিদটির পরিচালনায় দীর্ঘদিনের অর্থ সংকট ও বকেয়া রয়েছে। এই সমস্যার সমাধান ও সহযোগিতার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ এমপি সাহেবসহ আমাদের আমন্ত্রণ জানিয়েছিল।

তিনি আরও দাবি করেন, তারা যখন মাদ্রাসায় পৌঁছান, তখন দেখতে পান মসজিদ পরিচালনা কমিটি নিজেই ভেতরে সোফা ও চেয়ার সাজিয়ে অতিথিদের বসার ব্যবস্থা করে রেখেছে। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না এবং ধর্মীয় প্রতিষ্ঠানটির উন্নয়নের স্বার্থেই তারা সেখানে বসে আলোচনায় অংশ নেন। একে ঘিরে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান এই বিএনপি নেতা।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০