সর্বশেষ

সারাদেশ

সুনামগঞ্জে অতিরিক্ত শুল্ক আদায়ের প্রতিবাদে মানববন্ধন

মাহতাব উদ্দিন তালুকদার
মাহতাব উদ্দিন তালুকদার

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদীতে পণ্য লোড-আনলোডের ক্ষেত্রে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন ব্যবসায়ী ও শ্রমিকেরা। সোমবার সকালে উপজেলার লালপুর বাজারে শতাধিক ব্যবসায়ী ও শ্রমিকের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিভিন্ন নদ-নদীতে পণ্য লোড-আনলোডের ক্ষেত্রে নির্ধারিত হারের চেয়ে বেশি শুল্ক আদায়ের অভিযোগ উঠেছে বিআইডব্লিউটিএর বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা।

সোমবার সকালে উপজেলার লালপুর বাজারে আয়োজিত কর্মসূচিতে শতাধিক ব্যবসায়ী ও শ্রমিক অংশ নেন। জামালগঞ্জ মিনি স্টোন ক্রাশার সমিতির সভাপতি হোসেন আহমদ লালের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক আমিরুল হক সভাটি সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য দেন সমিতির সদস্য ও পাথর ব্যবসায়ী জসিম উদ্দিন, লোকমান হোসেন, কবির হোসেন, নবী নূর, আমিরুল হক এবং বাংলাদেশ কার্গো বাল্কহেড সমিতির সভাপতি হাবিবুর রহমানসহ অন্যরা।

বক্তারা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী মালামাল লোড-আনলোডের জন্য একবার প্রতি ঘনফুটে ৫০ পয়সা হারে শুল্ক আদায়ের কথা। কিন্তু জামালগঞ্জের বিভিন্ন ঘাটে লোড ও আনলোডের সময় প্রতি ঘনফুটে ২ টাকা ৮০ পয়সা করে মোট ৫ টাকা ৬০ পয়সা শুল্ক নেওয়া হচ্ছে। তাঁদের দাবি, এভাবে শুল্ক আদায় সম্পূর্ণ বেআইনি ও অবৈধ।

ব্যবসায়ীরা বলেন, অতিরিক্ত শুল্কের কারণে তাঁরা চরম লোকসানের মুখে পড়ছেন। এ অবস্থায় অনেক ব্যবসায়ী ব্যবসা-বাণিজ্য বন্ধ করতে বাধ্য হচ্ছেন। হাজারো ব্যবসায়ী ও শ্রমিকের কর্মসংস্থান টিকিয়ে রাখতে নির্ধারিত হারে শুল্ক আদায়ের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান তাঁরা।

এদিকে সাচনাবাজার মন্নানঘাট এলাকার বিআইডব্লিউটিএর ইজারাদার ও জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলামের ছোট ভাই জিয়াউর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি বিধি অনুযায়ী তাঁরা রশিদের মাধ্যমে টোল ট্যাক্স আদায় করছেন। বেশি টাকা নেওয়া হয় না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে।

গজারিয়া বিআইডব্লিউটিএর ইজারাদার ওহেদ আলী বলেন, তাঁরা সরকারি বিধি অনুযায়ী শুল্ক আদায় করছেন। চলন্ত কোনো নৌযান থেকে তাঁরা শুল্ক আদায় করেন না।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক বলেন, তিনি মাত্র তিন মাস আগে উপজেলায় যোগ দিয়েছেন। স্থানীয় শ্রমিক ও বিআইডব্লিউটিএর ইজারাদারদের নিয়ে তিনি বৈঠক করেছেন। শ্রমিকদের অভিযোগ, বিআইডব্লিউটিএর ইজারাদারেরা অতিরিক্ত টোল ট্যাক্স আদায় করছেন এবং তাঁদের চাহিদামতো ট্যাক্স না দিলে খারাপ আচরণ করেন।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি জানিয়ে জেলা প্রশাসকসহ বিআইডব্লিউটিএর কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানান ইউএনও। চলন্ত নৌযান থেকে টোল ট্যাক্স আদায়ের বিষয়টি তাঁর জানা নেই উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে ভালোভাবে জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০