গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধি: পাবনায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনায় গ্যাস সংকট নিরসন, ভয়াবহ লোডশেডিং বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে এই চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর পাবনা জেলা শাখার আমির ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান এবং সহকারী সেক্রেটারি এস এম সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাবনা জেলা শাখার আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন (লেবু), বাংলাদেশ খেলাফত মজলিসের পাবনা জেলা শাখার আমির মুফতি ওয়ালি উল্লাহ এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ মোল্লাসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি হস্তান্তরের পূর্বে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সীমাহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত ও ভুতুরে বিদ্যুৎ বিল আদায় বন্ধ করতে হবে।
নেতৃবৃন্দ আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। সরকারের পক্ষ থেকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এই চার দফা দাবি বাস্তবায়ন করার জোর দাবি জানানো হয়, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
১২১ বার পড়া হয়েছে