রাজশাহীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, সংবাদ সম্মেলন
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১০:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের এক কারারক্ষীর বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ফাঁকা চেক ও স্ট্যাম্প হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. গোলাম মোস্তফা সংবাদ সম্মেলন করে এই প্রতারণার তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে দেওয়া চেক ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানিরও অভিযোগ করা হয়েছে।
বাঘমারা উপজেলার গোয়ালকান্দি এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে কর্মরত কারারক্ষী মো. জহুরুল ইসলাম চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে দুই সেট ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প এবং ১২টি স্বাক্ষর করা খালি ব্যাংক চেক নেন।
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, জহুরুলকে বিভিন্ন সময়ে ব্যাংক হিসাব, নগদ টাকা এবং আত্মীয়স্বজনের মাধ্যমে কয়েক লাখ টাকা দেওয়া হয়। পরবর্তীতে ২০২৪ সালের নভেম্বর মাসে তাঁকে একটি ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়। এতে সন্দেহ প্রকাশ করে বাড়তি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর বিরুদ্ধে হয়রানি শুরু হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়, স্বাক্ষর করা খালি চেকগুলো ব্যবহার করে দেশের বিভিন্ন আদালতে গোলাম মোস্তফার বিরুদ্ধে একের পর এক চেক ডিজঅনারের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এতে তাঁর পরিবার চরম মানসিক, সামাজিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে।
এদিকে অভিযুক্ত কারারক্ষী মো. জহুরুল ইসলাম তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। অন্যদিকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন জানান, কোনো ব্যক্তির ব্যক্তিগত অপকর্মের দায় কারাগার কর্তৃপক্ষ নেবে না। তদন্তে অপরাধের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১০৯ বার পড়া হয়েছে