সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার সকালে জেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সর্বস্তরের জনতা। দিবসটি উপলক্ষে জেলাজুড়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিন সকাল ৯টায় সাতক্ষীরা স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জা কাউসার আজিজ এবং জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা শহীদদের স্মরণে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুশৃঙ্খল দল শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে।
প্রশাসন ও পুলিশের পর একে একে পুষ্পস্তবক অর্পণ করে জেলা বিএনপি, জামায়াত ইসলামী, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ ছাত্র-জনতাও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের বীরত্বকে স্মরণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
শ্রদ্ধা নিবেদন পর্বের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শিক্ষার্থীদের স্বৈরাচারবিরোধী বিভিন্ন স্লোগানে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও উপস্থিত সাধারণ মানুষ এ সময় জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
১৩১ বার পড়া হয়েছে