৫ ও ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা: গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস ও ১৫ আগস্টকে কেন্দ্র করে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার বিকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের টহল শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল থেকেই গোপালগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় বিজিবি সদস্যরা টহল দিতে শুরু করেছেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির পাশাপাশি ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নিয়োজিত রয়েছে।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি বিভিন্ন স্থানে বসানো হয়েছে বিশেষ তল্লাশি চৌকি (চেকপোস্ট)।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ গণমাধ্যমকে জানান, গোপালগঞ্জ অত্যন্ত সংবেদনশীল জেলা হওয়ায় আগেভাগেই প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। জানমালের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে প্রশাসন শতভাগ প্রস্তুত রয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস পালনের লক্ষ্যে গৃহীত কর্মসূচিগুলো যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হতে পারে, সেজন্য এই বাড়তি সতর্কতা। আগামী ১৫ আগস্ট পর্যন্ত বিজিবির এই বিশেষ টহল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় থাকবে বলেও তিনি নিশ্চিত করেন।
১২৬ বার পড়া হয়েছে