কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘লাল কোট’ মাছ
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ‘লাল কোট’ মাছ। অত্যন্ত আকর্ষণীয় উজ্জ্বল লাল রঙের এই সামুদ্রিক মাছটি দেখতে আলীপুর মৎস্য বন্দরে উৎসুক মানুষের ভিড় জমেছে।
স্থানীয় মৎস্যজীবীদের সূত্রে জানা গেছে, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ‘এফবি জারিফ-৪’ নামের একটি ট্রলারে আসাদ মাঝি নামের এক জেলের জালে এই ব্যতিক্রমী মাছটি ধরা পড়ে। মঙ্গলবার সকালে মাছটি আলীপুর মৎস্য বন্দরের ‘মায়ের দোয়া ফিশ’ আড়তে নিয়ে আসা হলে স্থানীয় ক্রেতা মোহাম্মদ ছগির আকন এক হাজার টাকা দিয়ে এটি কিনে নেন। মাছটি তিনি সংরক্ষণের উদ্দেশ্যে সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন।
বন ও বন্যপ্রাণী সংরক্ষণ গবেষকদের মতে, এটি আসলে ‘সৈনিক মাছ’ বা ‘লাল সৈনিক মাছ’ হিসেবে পরিচিত, যার ইংরেজি নাম রেডকোট স্কুইরেলফিশ (Redcoat Squirrelfish)। বৈজ্ঞানিক পরিভাষায় একে ‘সারগোসেন্ট্রন রুব্রাম’ (Sargocentron rubrum) বলা হয়। মূলত বঙ্গোপসাগর, ভারত ও প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীর ও পাথুরে তলদেশে এই নিশাচর মাছের বিচরণ থাকে। আন্তর্জাতিক অ্যাকোয়ারিয়াম ব্যবসায় এই উজ্জ্বল লাল রঙের মাছটির ব্যাপক চাহিদা রয়েছে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জানান, জলবায়ু পরিবর্তন এবং বঙ্গোপসাগরের পরিবেশগত নানা পরিবর্তনের কারণে সম্প্রতি উপকূলীয় এলাকায় বিভিন্ন বিরল প্রজাতির সামুদ্রিক মাছের দেখা মিলছে। এসব সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় এবং এদের গতিবিধি বুঝতে গভীরতর বৈজ্ঞানিক গবেষণা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
১২৯ বার পড়া হয়েছে