বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির বিশাল তবল মাছ
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের একটি বিশাল তবল মাছ। মহিপুর মৎস্য বন্দরে মাছটি বিক্রির জন্য আনা হলে স্থানীয় উৎসুক মানুষের ঢল নামে। পরবর্তীতে প্রকাশ্য ডাকে ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন এক স্থানীয় মৎস্য ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফিরে আসা ‘এফবি সালমা করিম’ নামের একটি মাছ ধরার ট্রলারে এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। মহিপুর মৎস্য বন্দরের আড়তদার আখি ফিস ও তহুরা ফিসের মাধ্যমে মাছটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। সেখানে ডাকের মাধ্যমে ব্যবসায়ী রুবেল ঘরামী মাছটি কিনে নেন।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, সামুদ্রিক এই তবল মাছটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর হিসেবে পরিচিত। কুয়াকাটা ও উপকূলীয় অঞ্চলে এটি মূলত তবলি, বগা বা খাঁদিয়া নামেও ডাকা হয়। মাছটিতে কাঁটার পরিমাণ কম থাকায় বাজারে এর প্রচুর চাহিদা রয়েছে। তবে সাধারণত এত বড় আকারের তবল মাছ সহজে জালে ধরা পড়ে না।
মাছটি ধরা পড়ার বিষয়ে পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য গবেষকেরা ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, এটি ক্যারাঙ্গিডি পরিবারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ। বঙ্গোপসাগরে এত বড় আকারের মাছ ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের সুস্থ পরিবেশের ইঙ্গিত দেয়।
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এ প্রসঙ্গে জানান, বিশাল এই সামুদ্রিক মাছটির অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। বঙ্গোপসাগরে মাছের উৎপাদন ও আকার বৃদ্ধি পাওয়া আমাদের মৎস্য খাতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। ভবিষ্যতে এমন বড় আকারের মাছ আরও বেশি পাওয়া গেলে জেলেরা দারুণভাবে লাভবান হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১১০ বার পড়া হয়েছে