গোপালগঞ্জে একদিনেই আওয়ামী লীগের ১৮ নেতার একযোগে পদত্যাগ
রবিবার, ২ আগস্ট, ২০২৬ ৩:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে একদিনেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ জন নেতা দলের রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ এবং দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার বিষয়টিকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত ঘোষণা করেন। শনিবার (১ আগস্ট) পৃথক দুটি সংবাদ সম্মেলনে তারা দলটির প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার দলীয় কর্মকাণ্ড থেকে নিজেদের প্রত্যাহার করে নেন।
মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নের কৃষ্ণাদিয়া গ্রামে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মীরের বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে একসঙ্গে ১৬ জন নেতা আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। অপরদিকে, গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত পৃথক আরেকটি সংবাদ সম্মেলনে সদর উপজেলার ২ জন নেতা তাদের পদত্যাগের সিদ্ধান্ত জানান।
পশারগাতি ইউনিয়নে পদত্যাগকারী নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মীর। তিনি বলেন, আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ একটি দল হওয়ায় তারা সজ্ঞানে ও স্বেচ্ছায় দলটির সাথে সকল সম্পর্ক ছিন্ন করছেন। দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে ভবিষ্যতে তারা শুধুমাত্র জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিয়োজিত থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
পদত্যাগকারী প্রধান নেতাদের মধ্যে রয়েছেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম, পশারগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাজী সামসুদ্দোহা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আফজাল মাসুদ এবং বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। এছাড়া জেলা প্রেসক্লাবে পদত্যাগকারী অন্য দুই নেতা হলেন গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. ইকরামুজ্জামান মীনা এবং উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে দল থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার কথা জানান।
১৪৬ বার পড়া হয়েছে