সর্বশেষ

সারাদেশ

কুয়াকাটায় ২৯ কেজির বিরল ‘ইয়েলোফিন টুনা’, দাম উঠল ৪০ হাজার টাকা

 এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ১ আগস্ট, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৯ কেজি ওজনের একটি বিরল ইয়েলোফিন টুনা মাছ। হলুদ পাখনা বিশিষ্ট এই সামুদ্রিক মাছটি দেখতে কুয়াকাটা মৎস্য বন্দরে ভিড় জমায় শত শত উৎসুক মানুষ। পরে স্থানীয় বাজারে মাছটি ৪০ হাজার ৪৬০ টাকায় বিক্রি করা হয়।
কুয়াকাটায় ২৯ কেজির বিরল ‘ইয়েলোফিন টুনা’

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের পায়রা বন্দর এলাকায় মাছ ধরতে গিয়ে এফবি সজীব ট্রলারে কর্মরত জেলে জীবন মাঝির জালে এই বিশাল আকারের মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলেদের কাছে হলুদ পাখনা টুনা নামে পরিচিত এ মাছটি এই অঞ্চলে সাধারণত খুব কমই দেখা যায়। মাছটি পাওয়ার পর কুয়াকাটা মৎস্য বন্দরের মেসার্স মনি ফিশ আড়তে নিয়ে এলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

মৎস্য বন্দর সূত্রে জানা যায়, মাছটির সঠিক ওজন ছিল ২৮ কেজি ৯০০ গ্রাম। কলাপাড়ার স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইসমাইল হোসেন প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ৪০ হাজার ৪৬০ টাকায় মাছটি কিনে নেন। তিনি জানান, এর আগে কুয়াকাটায় এত বড় ইয়েলোফিন টুনা কখনও দেখা যায়নি। মাছটি অত্যন্ত সুস্বাদু ও আন্তর্জাতিক বাজারে চাহিদাসম্পন্ন হওয়ায় ভালো দামে বিক্রির উদ্দেশ্যে এটি দ্রুত ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

মাছটি শিকার করা ট্রলারের মাঝি জীবন বলেন, এ ধরনের দামী ও বিরল মাছ তাদের জালে সচরাচর ধরা পড়ে না। হঠাৎ এমন একটি বড় টুনা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। ঢাকা থেকে কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক মোঃ রাশেদুল ইসলাম জানান, বিশাল আকারের এই হলুদ পাখনা টুনা মাছটি সামনাসামনি দেখতে পেরে তার বেশ ভালো লাগছে।

ওয়ার্ল্ডফিশের সুস্থ সাগর প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, বৈজ্ঞানিক পরিভাষায় থুন্নাস আলবাকারেস নামের এই টুনা একটি উচ্চমাত্রায় পরিযায়ী পেলাজিক সামুদ্রিক মাছ। বাংলাদেশের সোয়াচ অব নো গ্রাউন্ড ও গভীর সমুদ্রে এদের বিচরণ বেশি। আন্তর্জাতিক বাজারে সাশিমি ও সুশির কাঁচামাল হিসেবে এই মাছের প্রচুর কদর রয়েছে এবং এটি ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের এক সমৃদ্ধ উৎস।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, পূর্ণবয়স্ক ইয়েলোফিন টুনা সাধারণত ২০০ কেজি পর্যন্ত ওজনের হতে পারে। ঘণ্টায় প্রায় ৭৫ কিলোমিটার গতিতে সাতার কাটতে সক্ষম এই মাছ অনুকূল আবহাওয়ার কারণে গভীর সমুদ্র থেকে মাঝে মাঝে উপকূলীয় অঞ্চলের কাছাকাছি চলে আসে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন