খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. আসাদুজ্জামান সরকার
বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি আগামী চার বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (২৮ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৫-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি প্রচলিত বিধি অনুযায়ী উপাচার্যের পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন।
ড. মো. আসাদুজ্জামান সরকার বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা, গবেষণা ও কৃষি সম্প্রসারণ কার্যক্রমে যুক্ত রয়েছেন। নতুন দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
১২০ বার পড়া হয়েছে