চোরাচালানরোধে চাঁপাইনবাবগঞ্জে চালু হলো 'সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার'
সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৮:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ৫৯ বিজিবি। প্রথমবারের মতো চালু হওয়া ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’ সীমান্তবর্তী এলাকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে ভূমিকা রাখবে। আজ মঙ্গলবার শিবগঞ্জে এই ব্যতিক্রমী প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ মঙ্গলবার সকাল ১১টায় ‘সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টার’-এর উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাওলানা কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন। রাজশাহী সেক্টরের নির্দেশনায় এবং ৫৯ বিজিবির ব্যবস্থাপনায় এই ব্যতিক্রমী কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, প্রথম ধাপে সীমান্তবর্তী এলাকার ২৫ জন বেকার যুবক এই কার্যক্রমে অংশ নিচ্ছেন। চার সপ্তাহব্যাপী মোবাইল সার্ভিসিং ও মেরামত প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষ করে তোলা হবে। এই ডিজিটাল দক্ষতা অর্জনের ফলে স্থানীয় তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা তাদের চোরাচালানের মতো ঝুঁকিপূর্ণ ও অবৈধ পথ থেকে দূরে রাখতে সাহায্য করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক। এছাড়াও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজিবির এই যুগান্তকারী উদ্যোগের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন যে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবহেলিত সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়নে ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এই উদ্যোগ একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
১২৮ বার পড়া হয়েছে