বগুড়া সিটি কর্পোরেশনের ঐতিহাসিক প্রথম বাজেট ঘোষণা, বরাদ্দ ১৪১৭ কোটি টাকা
সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ৩:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৪১৭ কোটি টাকার এই ঐতিহাসিক বাজেটে আধুনিক ও বাসযোগ্য নগরী গড়ে তোলার মহাপরিকল্পনা তুলে ধরা হয়। কর পুনর্নির্ধারণের পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই বাজেটে।
বগুড়া শহরের টিটু মিলনায়তনে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই বাজেট পেশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাজেট ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। নবগঠিত এই সিটি কর্পোরেশনের প্রথম প্রস্তাবিত বাজেটটি সাধারণ মানুষের সামনে উপস্থাপন করেন মেয়র এম আর ইসলাম স্বাধীন।
ঘোষিত বাজেটে নগরীর দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো সমাধানের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে বর্ষাকালে জলাবদ্ধতা নিরসন, নাগরিকদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির সুব্যবস্থা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বড় অঙ্কের বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া শহরের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে সড়ক ও ড্রেনেজ অবকাঠামোর টেকসই উন্নয়ন করা হবে।
বাজেট বক্তৃতায় মেয়র জানান, বগুড়াকে একটি পরিবেশবান্ধব ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে স্ট্রিট লাইট স্থাপন, স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ এবং সামগ্রিক নগর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা। একটি আধুনিক ও নিরাপদ শহর বিনির্মাণে এই বাজেট মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
১১৮ বার পড়া হয়েছে