শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় শাড়ি ও প্রসাধনী জব্দ
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৫:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে ৫৯ বিজিবি। সোনামসজিদ সীমান্ত এলাকা থেকে উদ্ধার হওয়া এসব পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, প্রসাধনী এবং বিভিন্ন খাদ্যসামগ্রী। চোরাচালান রোধে সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ ২৮ হাজার ২১০ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আওতাধীন সোনামসজিদ বিওপির একটি চৌকস দল শুক্রবার রাতে এই সফল অভিযানটি পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরোজপুর গ্রামে অভিযান চালানো হয়। সেখানে পাকা সড়কের উপর তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪টি ভারতীয় শাড়ি, ১৬৬ পিস বিভিন্ন ধরনের প্রসাধনী, ২০৪ পিস কনফেকশনারি সামগ্রী এবং ৪ কেজি জিরা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মালামাল স্থানীয় শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
১২৬ বার পড়া হয়েছে