এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫ পেলেন ১০ কবি-লেখক
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ প্রদান করেছে সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি)। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যশালায় আয়োজিত অনুষ্ঠানে কবিতা, কথাসাহিত্য ও শিশুসাহিত্যে অবদানের জন্য ১০ জন কবি-লেখকের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) আয়োজিত ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের নির্বাহী সভাপতি কবি ও শিশুসাহিত্যিক এনাম আনন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন। স্বাগত বক্তব্য দেন এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার ও কথাসাহিত্যিক ফেরদৌস হাসান, কবি ও অভিনেতা এবিএম সোহেল রশীদ এবং জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ।
এ বছর সাহিত্যচর্চায় বিশেষ অবদানের জন্য কবিতা বিভাগে সম্মাননা পেয়েছেন মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ এবং ড. হাফিজ রহমান।
কথাসাহিত্য বিভাগে পুরস্কার পেয়েছেন সমীর আহমেদ, রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন ও নুসরাত সুলতানা।
এ ছাড়া শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন হাসনাত আমজাদ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত নয় বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা কবি, লেখক ও সাহিত্যিকদের সম্মাননা দিয়ে আসছে। প্রতিবছর আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এ সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।
১২৭ বার পড়া হয়েছে