প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে ব্লেড, তদন্তের নির্দেশ
শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরিশালের গৌরনদীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতরে একটি ধারালো ব্লেড পাওয়া গেছে। তবে রুটি খাওয়ার আগেই ব্লেডটি দেখতে পাওয়ায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। প্রশাসন জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিন বিতরণের সময় এ ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিন হিসেবে দেওয়া রুটি খাওয়ার আগে সেটি ছিঁড়ে দেখতে গিয়ে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। সঙ্গে সঙ্গে বিষয়টি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষকদের জানানো হয়। রুটিটি খাওয়ার আগেই ব্লেডটি শনাক্ত হওয়ায় শিক্ষার্থীটির কোনো শারীরিক ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে বলে বিদ্যালয় সূত্র জানিয়েছে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সায়ফুন নাহার বলেন, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলছে।
এ ঘটনার পর শিক্ষার্থীদের অভিভাবকেরা সরকারি টিফিনের মান ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, শিশুদের জন্য সরবরাহ করা খাবার প্রস্তুত ও বিতরণের ক্ষেত্রে আরও কঠোর তদারকি প্রয়োজন। একই সঙ্গে তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশনের প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানান, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টি পরিদর্শন করা হয়েছে। তিনি বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২৪ বার পড়া হয়েছে