সর্বশেষ

সারাদেশ

কুমিল্লা বোর্ডে শূন্য পাসের ১৫ কলেজের অধ্যক্ষদের তলব

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
এইচএসসি ও সমমানের পরীক্ষায় একজন শিক্ষার্থীও উত্তীর্ণ না হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব করা হয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি অধ্যক্ষদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সশরীরে হাজির হতে বলা হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এমন ফলের কারণ অনুসন্ধান এবং প্রতিষ্ঠানগুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনায় এ উদ্যোগ নিয়েছে শিক্ষা বোর্ড।

তলব করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চাঁদপুর শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের ক্যামব্রিজ সিটি কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরের বগৈড় বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এবং লক্ষ্মীপুরের কমলনগরের তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ।

এ ছাড়া রয়েছে চাঁদপুরের মতলব দক্ষিণের আড়ং বাজার ডক্টর অ্যান্ড শামসুল হক মডেল কলেজ, ফেনী সদরের বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর সদরের বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের আপার মডেল কলেজ, লক্ষ্মীপুর সদরের লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিরগাঁও উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের হাজিমিয়ার হাট উচ্চবিদ্যালয় ও কলেজ এবং ফেনী সদরের বিকন মডেল কলেজ।

গত ৫ নভেম্বর কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়ার সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংশ্লিষ্ট ১৫টি প্রতিষ্ঠানের অধ্যক্ষদের উপস্থিত থাকতে হবে। এ সময় প্রতিষ্ঠানগুলোর গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে আনতে নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ না হওয়ার কারণ ব্যাখ্যা করে অধ্যক্ষদের লিখিত জবাব দিতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর পাঠদানের পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কেও তাঁদের বক্তব্য শোনা হবে।

এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শফিকুল ইসলাম বলেন, এর আগেও যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এবারও শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার অধ্যক্ষদের বক্তব্য শোনার পর শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০