ময়মনসিংহে ৩৫ বছরের পুরোনো ‘এওয়াজ-বদল’ জমি দখলচেষ্টা, আদালতে মামলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদীয়া এলাকায় আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া ৩৫ বছরের পুরোনো ‘এওয়াজ-বদল’ জমি জবরদখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। এই জমিজমা বিরোধের জেরে ভুক্তভোগী পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে থানায় ও আদালতে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯০ সালের ১৪ এপ্রিল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে ২০ শতাংশ জমি মৌখিকভাবে ‘এওয়াজ-বদল’ বা পারস্পরিক বিনিময় করা হয়েছিল। দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে উভয় পক্ষই নিজ নিজ জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিল। কিন্তু সম্প্রতি প্রতিপক্ষ গ্রুপটি সেই পুরোনো চুক্তি অমান্য করে জমিটি পুনরায় দখলের পাঁয়তারা শুরু করে।
অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ৬ জুলাই প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে অনধিকার প্রবেশ করে। তারা সেখানে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা চালায় এবং ভুক্তভোগী মঞ্জুরুল হকের রোপণ করা প্রায় পাঁচ শতাধিক কলাগাছ কেটে সাবাড় করে দেয়। এছাড়া তার মালিকানাধীন আরও ৩৪ শতাংশ জমিতে বালু ফেলে দখলের চেষ্টা করা হয়। পরবর্তীতে কোতোয়ালি মডেল থানা পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনার পর ভুক্তভোগী মঞ্জুরুল হক বাদী হয়ে ময়মনসিংহের ১ম যুগ্ম জেলা জজ আদালত এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেছেন। বিতর্কিত জমিটির এসএ খতিয়ান নং ১৩১৯, বিআরএস খতিয়ান নং ১৫১৫ এবং সাবেক দাগ নং ৫৩ (বিআরএস দাগ ১৪৭)। এই দাগের মোট ১ একর ১৭ শতাংশ জমির মধ্যে বিনিময়ের ২০ শতাংশ জমি নিয়েই বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে।
এদিকে ঘটনার পর থেকে প্রতিপক্ষের অব্যাহত হুমকি-ধামকির মুখে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম জানান, জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে তারা অভিযোগ পেয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা হবে।
১২১ বার পড়া হয়েছে