অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি রক্ষার দাবি, পাবনায় মানববন্ধন ও স্মারকলিপি
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের জমি নির্বিঘ্নে পরিচালনা ও দখলের অপচেষ্টা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় বাসিন্দারা এ কর্মসূচির আয়োজন করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।
পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান আন্দোলনকারীদের দেওয়া স্মারকলিপিটি গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে স্থানীয় বক্তারা অভিযোগ করেন, হিমাইতপুরে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমটি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিষ্ঠানটি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ও শ্রদ্ধার স্থান হিসেবে পরিচিত।
বক্তাদের দাবি, সম্প্রতি কিছু বহিরাগত ব্যক্তি ও একটি নির্দিষ্ট সংগঠনের সাথে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি এই সৎসঙ্গ আশ্রমের নিয়মিত ধর্মীয় কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন। একই সাথে তারা আশ্রমের সম্পত্তি ও ঠাকুরের জন্মস্থানের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা উল্লেখ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসন আমলে সৎসঙ্গের নামে পাবনার হিমাইতপুরে ঠাকুরের জন্মস্থান হিসেবে ০.১৫ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই জমিটি সৎসঙ্গের কাছে যথাযথভাবে হস্তান্তর এবং ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য তারা বর্তমান প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
উক্ত মানববন্ধনে স্থানীয় বাসিন্দাদের পক্ষে বক্তব্য প্রদান করেন মো. আফজাল হোসেন, মান্নান মালিথা ও আবুল কালামসহ আরও অনেকে। তারা অবিলম্বে এই বিরোধ নিষ্পত্তি করে আশ্রমের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
১২৬ বার পড়া হয়েছে